স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:
রাজশাহীর দুর্গাপুরে ৫০ হাজার টাকা চাঁদা না দেয়ায় আব্দুর রহমান নামের এক ব্যবসায়ীর ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী শেফালী বেগম থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে উপজেলার উজানখলসী এলাকায় অভিযান চালিয়ে আজাহার আলী (৪৫) নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উজানখলসী এলাকার সৈয়দের মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিলেন ব্যবসায়ী আব্দুর রহমান। এ সময় আজাহার, রুবায়েতসহ কয়েকজন এসে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আব্দুর রহমান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আব্দুর রহমানের ভাই মাহাবুর জানান, “দীর্ঘদিন ধরে আজাহার ও তার সহযোগীরা আমার ভাইয়ের কাছে চাঁদা দাবি করে আসছিল। সেই পূর্ব বিরোধের জের ধরেই রবিবার তারা আবার টাকা দাবি করে। ভাই রাজি না হওয়ায় তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।”
তিনি আরও জানান, ঘটনার পর বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুর্গাপুর থানায় আব্দুর রহমানের স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে মামলা করেন। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন, “ব্যবসায়ী আব্দুর রহমানের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সানশাইন /রবি/শামি