, , ।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে রাজশাহীতে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ অভিযানে গ্রামীণ ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অন্যান্য বাস কাউন্টারগুলোতে সতর্কতা মূলক বার্তা প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে রাজশাহী বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিনের নেতৃত্বে মহানগরীর ঢাকা বাস টার্মিনাল ও আন্তঃজেলা বাস টার্মিনালে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় এক যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়েছে। রাজশাহী থেকে রামগঞ্জগামী গোলাম আজম নামের এক যাত্রীর কাছ থেকে ভাড়া ১৩৬১ টাকার পরিবর্তে ১৫০০ টাকা নেওয়া হয়েছিল। অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার পাশাপাশি, সংশ্লিষ্ট বাস কাউন্টারগুলোকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন জানান, ঈদকে সামনে রেখে সতর্কতামূলক এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়ক পরিবহন আইন ৩৪ ধারা অনুযায়ী, প্রতিটি বাসে ভাড়া তালিকা প্রদর্শন বাধ্যতামূলক এবং অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। অনলাইনে ভাড়া বেশি দেখানোর কারণে রাজশাহী গ্রামীণ ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিভিন্ন বাস কাউন্টারে বিআরটিএ নির্ধারিত ভাড়া তালিকা চাপ আকারে টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরের মধ্যে তালিকা প্রদর্শন না করা হলে পুনরায় অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী বাস সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়া, যাত্রীদের টানাটানি না করাসহ বিভিন্ন সতর্কতামূলক প্রচারণা চালানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন।