, , ।
স্টাফ রিপোর্টার, নিয়ামতপুর: নওগারঁ নিয়ামতপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা শাহজামাল (৩৬) ও আব্দুর রশিদ (৪০) কে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় শাহজামাল হোসেনকে উপজেলার নিয়ামতপুর উত্তর বাজার নিজ বাড়ী থেকে এবং আব্দুর রশিদকে উপজেলার পাড়ইল ইউনিয়নের মিরাপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে নিয়ামতপুর থানা পুলিশ।
শাহজামাল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলার হাজিনগর ইউনিয়নের উপরকুড়া শালবাড়ীর মৃত নবীর উদ্দিনের ছেলে এবং আব্দুর রশিদ উপজেলার পাড়ইল ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ও উপজেলার পাড়ইল ইউনিয়নের মিরাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর নিয়ামতপুরে উপজেলার পাড়ইল ইউনিয়নের বীরজোয়ান গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ও যুবদল নেতা মেহেদী হাসান বাদি হয়ে নাশকতার অভিযোগ এনে একটি মামলা করেন।
মামলায় নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, ঈম্বর চন্দ্র বর্মন, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুর রহমান, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোতালেব হোসেন বাবরসহ ৩৭ জন ও অজ্ঞাত নামা আরো ২শ জনকে আসামি করা হয়। ওই মামলার আসামি হিসেবে হাবিবুর রহমান ও নজরুল কাজিকে গ্রেফতার করা হয়।
এই মামলার আসামী হাজিনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম ইতি, রসুলপুর ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর ইতি পূর্বে অন্য একটি হত্যা মামলায় ঢাকার গাজিপুরে আদালতে জামিন নিতে গেলে জামিন নামমঞ্জুর হলে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, শাহজামাল ও আব্দুর রশিদ এই দুইজনই নাশকতা ও বিস্ফোরক আইনে মামলায় অজ্ঞাতনামা আসামী। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়।