মহাদেবপুরে তারুণ্যের উৎসবের সমাপ্তি ও পুরস্কার বিতরণ

লিয়াকত আলী বাবলু:

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহাদেবপুরে তারুণ্যের উৎসব ২০২৫-এর সমাপ্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি, বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন কমিটির সভাপতি মো. আরিফুজ্জামান।

 

এই উৎসব উদযাপনে মুখ্য ভূমিকা পালন করেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার শাহীন আরা রুমি, মহাদেবপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক লিয়াকত আলী বাবলু, ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

 

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহাদেবপুর উপজেলা প্রশাসন ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে কর্মসূচির উদ্বোধন করে এবং ১৯ ফেব্রুয়ারি, বুধবার এর সমাপ্তি ঘোষণা করে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে।

 

জানা গেছে, উপজেলার দশটি ইউনিয়ন পরিষদ ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বিতর্ক প্রতিযোগিতা, কর্মশালা, রচনা, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, আঞ্চলিক খেলাধুলা, পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও পয়োনিষ্কাশন কার্যক্রম।

 

উল্লেখ্য, এই কর্মসূচির ফলে স্থানীয়দের মধ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।

সানশাইন/রাজ


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫ | সময়: ৬:৩৪ অপরাহ্ণ | Daily Sunshine