সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে ৫ চেয়ারম্যানসহ ৯ আ’লীগ নেতা কারাগারে

স্টাফ রিপোর্টার, নিয়ামতপুর: গাজিপুর জেলায় একটি নাশকতা মামলায় গাজিপুর নিম্ন আদালতে জামিন নিতে গেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁচ ইউপি চেয়ারম্যানসহ সাতজন আওয়ামী লীগ নেতা কারাগারে পাঠিয়েছেন জেলা দায়রা জজ আদালত। ঐ আদালত নওগাঁ জেলা আওয়ামী লীগের এক নেতা ও পোরশা উপজেলার এক ইউপি চেয়ারম্যানকেও কারাগারে প্রেরণ করে।
গত ১০ ফেব্রুয়ারি সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন বলে জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) জানিয়েছেন।
কারাগারে যাওয়া পাঁচ চেয়ারম্যানের মধ্যে নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবাইদুর রহমান, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান নইম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোতালেব হোসেন বাবর।
এছাড়া চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল, সাধারণ সম্পাদক নিশিরাজ বর্মন, হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জ্বল মজুমদারও রয়েছে। একই মামলায় নিষিধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নওগাঁ জেলার সহ-সভাপতি বিশাল মজুমদারকেও কারাগারে প্রেরণ করা হয়।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পানিশাইল গ্রামের রায়হান হত্যা মামলায় ১৬৭ জনকে এবং অজ্ঞাত আরো ৪শ থেকে ৫শ আসামী করে গাজিপুর থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা।
আটককৃতরা হাই কোর্টে জামিন নিয়ে নিম্ন আদালতে জামিনের জন্য হাজিরা দিতে গিয়েছিলেন।


প্রকাশিত: February 12, 2025 | সময়: 7:28 am | সুমন শেখ