বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরে সাত বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের পর হত্যা করে বস্তায় ভরে মরদেহ গুমের মামলায় শিশুটির আপন চাচাতো ভাই কিশোর সাকিবকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত। নাটোরের শিশু আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম সোমবার দুপুরে এই রায় দেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২০ ডিসেম্বর গুরুদাসপুর উপজেলার বিলশা গ্রামের ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের ছাত্রী সাত বছর বয়সী এই কন্যা শিশু বাড়ি থেকে নিখোঁজ হয়। দুদিন পর পাশের দিঘি থেকে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ তদন্ত করে শিশুটির আপন চাচাতো ভাই কিশোর সাকিবের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
অভিযোগপত্রে বলা হয়, বাড়িতে কেউ না থাকার সুযোগে টিভি দেখার সময় শিশুটিকে মুখে গামছা বেধে সাকিব ধর্ষণ করে। পরে পিতা-মাতার সহযোগীতায় মরদেহ বস্তাবন্দী করে পাশের দিঘীতে ফেলে দেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আটকাদেশপ্রাপ্ত সাকিবের উপস্থিতিতে নাটোরের শিশু আদালতের বিচারক এই রায় দিয়েছেন। নাটোরের শিশু আদালতের বিশেষ পিপি আব্দুল কাদের মিয়া রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।