সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা খালাসপ্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে বিশাল গণসংবর্ধনা

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেন বহরে হামলা মামলায় খালাসপ্রাপ্ত (কারামুক্ত) ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে বিশাল গণসংবর্ধনা দিয়েছে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। সোমবার দুপুরে ঈশ্বরদী বাজারের ১নং গেট সংলগ্ন পুরাতন বাস টার্মিনালে এই সংবর্ধনা প্রদান করা হয়। দীর্ঘ সাড়ে ৫ বছর কারাভোগের পর বেলা ১২টার সময় পাবনা জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
পরে পাবনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংবর্ধনা দিয়ে হাজার হাজার যানবাহনের বিশাল বহরে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে রিসিভশন করে ঈশ্বরদীতে আনা হয়। ঈশ্বরদী রেলগেট জিরো পয়েন্ট থেকে সংবর্ধনাস্থল পুরাতন বাসষ্ট্যান্ড পর্যন্ত ফুলের গালিচা তৈরি এবং ফুলের বৃষ্টি ছিটিয়ে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে বরণ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারর্পারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। ঈশ্বরদী পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির আহবায়ক এস এম ফজলুর রহমানের সভাপতিত্বে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কারামুক্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু, পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, এ্যাড. জামিল আখতার এলাহী রতন, ঈশ্বরদী উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির আহবায়ক আহসান হাবীব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা মেহেদী হাসান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহামুদুর রহমান ফুল জুয়েল প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কারামুক্ত বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল।
সংবর্ধিত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু বলেন, আমি কোন প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। যারা আমার এবং আমাদের উপর অন্যায় করেছে তাদের বিচার আল্লাহ্ করবে। যারা বিগত মাফিয়া সরকারের পৃষ্ঠোপোষকতায় ভাংচুর ও লুটপাট করেছে তাদের বিচার আইনগত ভাবে করা হবে, আপনারা কেউ আইন হাতে তুলে নিবেন না। আমরা সামাজিকভাবে বসবাস করতে চাই, একে অপরকে শ্রদ্ধা জানাতে চাই। গত ৫ আগষ্টের পর থেকে পতিত আওয়ামী লীগের দোসরদের সাথে নিয়ে যারা বিএনপি করছেন তাদের তালিকা তৈরির নির্দেশনা প্রদান করেন তিনি।
সবশেষ নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া বিএনপি নেতা জাকারিয়া পিন্টু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সুত্র জানায়, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে যোগ দিতে ট্রেনে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ঢোকার সময় ট্রেনবহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
এ ঘটনায় ট্রেনে গুলিবর্ষণ ও বোমা হামলার অভিযোগে ঈশ্বরদী জিআরপি (রেলওয়ে পুলিশ) থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। তৎকালীন ছাত্রদল নেতা ও ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ সাতজনকে আসামি করে মামলা করা হয়।
পরবর্তীতে আরও আসামী বৃদ্ধি করা হয়। দীর্ঘ শুনানী শেষে ২০১৯ সালের ৩ জুলাই মৃত্যুদন্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করে রায় দেন স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর ভারপ্রাপ্ত বিচারক ও পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুস্তম আলী।
রায়ে ৯ জনকে মৃত্যুদন্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১৩ জনকে ১০ বছর করে কারাদন্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা সবাই বিএনপি, ছাত্রদল, যুবদলের সাবেক ও বর্তমান প্রভাবশালী নেতা-কর্মী।


প্রকাশিত: February 11, 2025 | সময়: 7:25 am | সুমন শেখ