সর্বশেষ সংবাদ :

২য় স্বাধীনতার শহীদ যারা’ স্মারকের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক প্রকাশিত স্মারক ‘২য় স্বাধীনতার শহীদ যারা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় নগরীর নানকিং দরবার হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এছাড়া, ঢাকা প্রেসক্লাব মিলনায়তন থেকে অনলাইনে যুক্ত ছিলেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

সারাদেশের দশটি মহানগরে একযোগে জামায়াতের আমীর দুপুর ১টায় এই স্মারকের মোড়ক উন্মোচন করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এই স্মারক প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য যেসব শহীদ প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের পরিবাররা ও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, স্মারকটিতে ২০২৪ সালের আন্দোলনের শহীদদের তথ্য সংকলন করা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে।

খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,”শহীদদের স্মরণে যে কাজ জামায়াত ইসলামী করেছে, তা প্রশংসনীয়। বাংলাদেশে শাহাদতবরণকারী শহীদদের সঠিকভাবে প্রকাশ করতে হবে। কোনো মানুষের মুখের কথার ভিত্তিতে নয়, বরং যথাযথ তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে শহীদদের পরিচয় নিশ্চিত করা উচিত।”

তিনি আরও বলেন,”জুলাই অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছিল, তাদের তালিকা প্রকাশ করতে হবে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে হবে। বাংলাদেশে বিদ্যমান বিচারব্যবস্থা ব্রিটিশ আমলের প্রবর্তিত একটি পদ্ধতির অংশ, যা ন্যায়বিচারের পথকে ব্যাহত করছে। এ কারণে আমাদের বিচারব্যবস্থার সংস্কার প্রয়োজন এবং ইসলামী শরীয়াহ অনুযায়ী ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন,”কিছু ইতিহাস মানুষের জন্য আনন্দের, কিছু ইতিহাস গৌরবের, আবার কিছু ইতিহাস ঘৃণার। যে জাতি তাদের বীরদের সম্মান করতে জানে না, আল্লাহ তাদের সম্মান দান করেন না। ২০২৪ সালের আন্দোলনে পুরো জাতি ফ্যাসিবাদ ও জালিমদের শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছে।”

তিনি আরও বলেন,”জামায়াতে ইসলামী শহীদদের পরিবারের কাছে দোয়া নিতে গিয়েছে, দিতে নয়। কারণ শহীদদের পরিবার আল্লাহর বিশেষ সম্মানে সম্মানিত। ইতিহাসের এই স্মারক রচনা চলমান প্রক্রিয়া, এটি এখনো সম্পূর্ণ হয়নি। ধাপে ধাপে প্রতিটি শহীদের তথ্য সংকলন করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভুলে না যায়। এজন্য স্মারকটি অসম্পূর্ণ রেখেই প্রকাশ করা হয়েছে।”

অনুষ্ঠানের সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর বলেন,”এই ঐতিহাসিক মোড়ক উন্মোচনের মাধ্যমে জাতি তাদের শহীদদের প্রকৃত পরিচয় জানতে পারবে। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই শহীদদের বিশেষ মর্যাদা দেওয়া হয় এবং তাদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করা হয়।”

তিনি আরও বলেন,”আমরা কোনো ব্যক্তি বা দলের প্রশংসা পাওয়ার জন্য এই কাজ করিনি। আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এবং শহীদদের পরিচয় জনগণের সামনে তুলে ধরার জন্য এই উদ্যোগ নিয়েছি।”

স্মারকের মোড়ক উন্মোচনের পর উপস্থিত গণমাধ্যম কর্মীরা জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এই স্মারক ভবিষ্যতে শহীদদের আত্মত্যাগের ইতিহাসকে আরও গভীরভাবে গবেষণা ও সংরক্ষণের কাজে সহায়তা করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

সানশাইন/ফেরদৌস/শামি


প্রকাশিত: February 5, 2025 | সময়: 5:06 pm | Daily Sunshine