সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নিয়ামতপুর: নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল বাকীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলা সদরের বিসমিল্লাহ হোটেল থেকে তাকে গ্রেফতার করে নিয়ামতপুর থানা পুলিশ। তার বাড়ি নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের শেখ কামালের ছেলে।
দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর নিয়ামতপুরে উপজেলার পাড়ইল ইউনিয়নের বীরজোয়ান গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ও যুবদল নেতা মেহেদী হাসান বাদি হয়ে নাশকতার অভিযোগ এনে একটি মামলা করেন।
ওই মামলায় নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, ঈম্বর চন্দ্র বর্মন, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুর রহমান, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোতালেব হোসেন বাবরসহ ৩৭ জন ও অজ্ঞাত নামা আরো ২শ জনকে আসামি করা হয়। ওই মামলার আসামি হিসেবে আব্দুল্লাহ আল বাকীকে গ্রেফতার করা হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, আব্দুল্লাহ আল বাকীর নামে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।


প্রকাশিত: February 5, 2025 | সময়: 8:24 am | সুমন শেখ