সর্বশেষ সংবাদ :

হলুদের আভা হাতছানি দিচ্ছে নতুন সম্ভাবনার

রানা হামিদ, বদলগাছী: নওগাঁর বদলগাছীতে হলুদের আভা হাতছানি দিচ্ছে নতুন সম্ভাবনার। সরিষার হলুদ ফুলে প্রকৃতি ও মাঠ যেন সেজেছে নববধূ রূপে। ফুলের ঘ্রাণে মৌমাছি মধু আহরণে ছুটছে এগাছ থেকে ওগাছে। চলতি মৌসুমে উপজেলার সব এলাকাতেই সরিষা চাষ করেছে কৃষকেরা।
এর মধ্যে মথুরাপুর ইউপির গোবরচাপা এলাকা ও বিস্তীর্ণ এলাকা মিঠাপুর ইউনিয়নে সরিষার চাষাবাদ যেন চোখে পড়ার মত। সরিষার ক্ষেতে চোখ পড়লে মনে হয় যেন পুরো মাঠ হলুদ বর্ণে নববধূ রূপে সাজিয়েছে। মাঠে মাঠে সরিষার হলুদ ফুলের সমারহে নজরকারে পথচারীদের। সরিষা ক্ষেত দেখলেই বিনোদন প্রেমি নারী পুরুষ ছবি তুলতে নেমে পড়ে ক্ষেতে।
এ উপজেলায় বারি সরিষা ৯, ১৪, ১৭ ও ১৮ এবং বিনা সরিষা-৪ ও ৯ জাতের সরিষার চাষাবাদ হয়েছে বলে কৃষি অফিস সুত্রে জানা গিয়েছে। ভোজ্য তেলের চাহিদা পূরণে সরিষা চাষ বৃদ্ধি পাচ্ছে। স্বল্প খরচে সরিষা চাষ করা যায়। এতে আর্থিক ভাবেও লাভবান হচ্ছে কৃষক।
বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, উপজেলার সব এলাকাতেই কমবেশী সরিষা চাষাবাদ করা হয়েছে। জমিতে সরিষার গাছে পুরো ফুল ফুটেছে, সরিষার ফল ধরেছে। আগাম সরিষা ক্ষেতের ফুল ঝড়ে পড়েছে। ফলের ভিতর সরিষার দানা গঠন হয়েছে। ইতোমধ্যে উপজেলার কিছু কিছু স্থানে সরিষা কর্তনও শুরু হয়েছে। চাষিরাও যেন দুচোখে দেখছে শুধুই শর্ষ্যে ফুল তবে সেটা বিপদের নয় আনন্দের।
তথ্য সংগ্রহকালে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আকাশের বৃষ্টি হলে সরিষা চাষাবাদ ব্যাহত হয়। চলতি মৌসুমে শুরু থেকেই আবহাওয়া ও পরিবেশ অনুকূল থাকায় সরিষার ক্ষেত ভালো হয়েছে। কৃষকরা বাম্পার ফলনের আশাবাদী।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ৮ ইউনিয়নে এবছর ৩ হাজার ৬০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান জানান, স্বল্প খরচে অধিক লাভবান হওয়ায় কৃষকদের মধ্যে সরিষা চাষের আগ্রহ বাড়ছে। দেশে তেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরিষা চাষকে গুরুত্ব দেয়া হচ্ছে।
এছাড়াও মধু উৎপাদন বৃদ্ধির জন্য সরিষা আবাদ গুরুত্বপূর্ণ। সরিষা ফুল থেকে মধু উৎপাদনের জন্য কৃষকের মাঝে আধুনিক প্রযুক্তির মৌবাক্স সরবরাহ করা হয়েছে।


প্রকাশিত: February 4, 2025 | সময়: 7:44 am | সুমন শেখ