সর্বশেষ সংবাদ :

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের পরিচালিত ক্লাব ডি-এইড-এর উদ্যোগে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পলাশবাড়ী গ্রামে প্রায় ১০০টি শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কার্যক্রমের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২২ জানুয়ারি ২০২৫ (বুধবার) পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ। তিনি শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট তুলে ধরে শিক্ষার্থীদের মানবিক কার্যক্রমে আরও যুক্ত হওয়ার আহ্বান জানান।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকবৃন্দ। উপস্থিত ছিলেন স্থানীয় প্রতিনিধি মো. জয়নাল আবেদীন ও পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেফাউর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আগত অতিথিরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং পলাশবাড়ী গ্রামের মধ্যে সম্পর্কের দৃঢ়তা এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই উদ্যোগের প্রশংসা করেন।


প্রকাশিত: January 24, 2025 | সময়: 4:00 am | সুমন শেখ