বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ছাত্রলীগ নেতা কর্মীদের নৈরাজ্য এবং ছাত্রদল নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী পথসভায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল, বলাইগ্রাম পৌর ছাত্রদলের আহবায়ক মাসুম রেজা, বড়াইগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফ আল মাহমুদ নিশাত কলেজ ছাত্রদলের নেতা সালাউদ্দিন ও ইউসুফ আলী অনিক বক্তব্য রাখেন। এ সময় ছাত্রদলের নেতারা বলেন, দুপুরে কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা চা খেতে রয়না মোড়ে যান। এ সময় কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ইমরান হোসেন তাদের সঙ্গে তর্কে লিপ্ত হন। এক পর্যায়ে ছাত্রলীগ নেতা কর্মীরা চাইনিজ কুড়াল, রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া করে। পরবর্তীতে খবর পেয়ে ছাত্রদলের আরো নেতা কর্মীরা কলেজ আসলে ছাত্রলীগ কর্মীরা পালিয়ে যায়। পথসভায় ছাত্রদল নেতারা অবিলম্বে ইমরান সহ ছাত্রলীগের নেতা কর্মীদের আটক ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান।
বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।