সর্বশেষ সংবাদ :

বাগমারায় আওয়ামী ক্যাডারদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার দাবী বিএনপি নেতাদের

স্টাফ রিপোর্টার, বাগমারা: গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের দিনে রাজশাহীর বাগমারায় অস্ত্র হাতে মহড়া দেওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ক্যাডারদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের জোর দাবী জানিয়েছেন বিএনপির নেতারা।
রোববার বিকেলে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌর বিএনপির সম্মেলনে বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত এ বিষয়ে জোর দাবী জানান।
সম্মেলনে স্থানীয় বক্তারা অভিযোগ করেন, গত ৫ আগস্ট ছাত্র- জনতার অভ্যুত্থানের দিনে বাগমারায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ক্যাডারেরা প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিয়েছেন। তারা এসব অস্ত্র নিয়ে জনতার ওপর হামলা করেছেন। তবে এসব অস্ত্রধারীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। প্রশাসন তাদের ধরছে না।
অতিথির বক্তব্যে বিএনপির তাহেরপুর পৌর শাখার সভাপতি আবু নঈম শামসুর রহমান ওরফে মিন্টু এসব অভিযোগ করেন। তিনি সম্মেলনে উপস্থিত অতিথি এবং সাংবাদিকদের দৃষ্টি আর্কষণ করে এই অভিযোগ করে বলেছেন, এখন এই অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের না ধরলে আগামীতে এসব অবৈধ অস্ত্র দিয়ে বিএনপির লোকজনদের ওপর হামলা করবে তাতে কোনো সন্দেহ নেই। কোন শক্তির বলে তারা গ্রেপ্তার হচ্ছে না এই প্রশ্ন তোলেন।
অপর দিকে দলের উপজেলা শাখার আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান বক্তব্যে অভিযোগ করে বলেছেন, স্থানীয় প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা রয়েছেন। তারা সঠিক কাজ করছে না। তাদের এখানে রাখার কোনো যৌক্তিকতা নেই বলে উল্লেখ করেন। তাদের অপসারণের দাবি জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত স্থানীয় প্রশাসনের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী, অস্ত্রধারী গুন্ডাদের গ্রেপ্তার করেননি। তাদের না ধরে অপরাধের মাত্রা কিন্তু বাড়িয়েছেন, অপরাধ করেছেন জনগণের কাছে এর জবাবদিহি করতে হবে।
প্রধান অতিথি দলীয় নেতা-কর্মীদের সজাগ করে বলেন, দেশব্যাপী নাগরিক কমিটি গঠন করা হচ্ছে। এর মাধ্যমে আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রবেশ করে রাজনীতি করার সুযোগ নিবে। তবে সে সুযোগ যাতে না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের বের করে দিতে হবে। আগামী নির্বাচন কঠিন হবে বলে উল্লেখ করে সবাইকে বিতর্কিত কোন কাজের সঙ্গে না জড়ানোর আহ্বান জানান।
এই বিষয় বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম রোববার সন্ধ্যায় ফোনে বিএনপি নেতাদের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ৫ আগস্টের ঘটনার বিষয়ে যেসব মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আসামি ও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জেলা শাখার সদস্য নেতা শাহাদত হোসেন। সম্মেলনের উদ্বোধন করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।


প্রকাশিত: December 31, 2024 | সময়: 7:27 am | সুমন শেখ

আরও খবর