সাকিবের পাশে মিরাজ, শীর্ষে ফিরলেন বুমরা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ টেস্ট অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ লাফ দিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের পর র‌্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে তিনি।
অ্যান্টিগা টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক দুই ইনিংস মিলিয়ে ৬৮ রান করেছেন এবং উইকেট নিয়েছেন চারটি। ওই পারফরম্যান্সের পর এখন মিরাজের রেটিং পয়েন্ট ২৬৯, আগস্টে পাকিস্তান সিরিজের পর থেকে টেস্ট ম্যাচ না খেলা সাকিবেরও একই। বাংলাদেশের দুই অলরাউন্ডার ভারতের দুই তারকা রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ঠিক পরে, যারা যথাক্রমে এক ও দুই নম্বরে।
এদিকে ভারতের পেস তারকা যশপ্রীত বুমরা আইসিসি টেস্ট বোলার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন। পার্থে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৯৫ রানে জেতা ম্যাচে আট উইকেট নেন তিনি। ওই পারফরম্যান্স করে ডানহাতি পেসার দুই ধাপ এগিয়ে গেছেন। পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও অস্ট্রেলিয়ার জোশ হ্যাজেলউডকে।
অ্যান্টিগায় দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নেওয়া তাসকিন আহমেদ বোলার র‌্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ৫১তম হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের পেসত্রয়ী জেইডেন সিলস (তিন ধাপ এগিয়ে ১১তম), কেমার রোচ (চার ধাপ এগিয়ে ১৭তম) ও আলজারি জোসেফ (তিন ধাপ এগিয়ে ২৯তম) দলকে ২০১ রানে জেতাতে তাদের পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন।
ইংল্যান্ডের জো রুট এখনও টেস্ট ব্যাটার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করা ভারতীয় তরুণ যশস্বী জয়সাওয়াল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে চোখ রাঙাচ্ছেন। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ট্র্যাভিস হেড পার্থে ৮৯ রান করে তিন ধাপ এগিয়ে দশম স্থানে। ৩০তম টেস্ট সেঞ্চুরি করে বিরাট কোহলি ৯ ধাপ উন্নতি করে ১৩ নম্বরে।


প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪ | সময়: ৫:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ