, , ।
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ বিষয়ে কোনো সাংবিধানিক দলিল নেই রাষ্ট্রপতির এমন মন্তব্যে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন।
গত ৫ আগস্ট ছাত্রজনতার তীব্র গণ আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এর কিছু দিন পরেই নানা বিতর্কের সৃষ্টি হয় তার পদত্যাগপত্র নিয়ে। ফলে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জাতির সামনে রাষ্ট্রপতি তার বক্তব্য প্রদান করেন। কিন্তু সেই বক্তব্য দেওয়ার কয়েকমাস না যেতেই রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে উল্টো মন্তব্য করার ফলে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে।
রাষ্ট্রপতির বক্তব্যের তীব্র প্রতিবাদ করে সারা দেশের সাধারণ মানুষের ন্যায় রাজশাহী কলেজের শিক্ষার্থীরাও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে সারা কলেজ প্রদক্ষিণ করে আবারও প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।
এসময় আন্দলনরত শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিস্ট সরকারের দোষর হিসেবে ইতোমধ্যেই চিহ্নিত রাষ্ট্রপতি চুপ্পু আজকের মধ্যেই পদত্যাগ না করলে কঠোর আন্দলনের ডাক দেওয়া হবে। এই সরকারকে আহবান করেন তারা যেন প্রশাসনিক বড় বড় পদে আওয়ামীলীগ সরকারের সময়ে নিয়োগ প্রাপ্তদের অনতিবিলম্বে পদত্যাগ করান।
তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের হুশিয়ার করে বলেন, তারা আবারো দেশকে অস্থিতিশীল করার পায়তারা করলে তাদের ব্যাবস্থা সাধারণ জনগণ সহ সাধারণ শিক্ষার্থীরা করবে।
এছাড়াও তারা রাজশাহী কলেজ প্রশাসনকে বলেন, যে সকল শিক্ষার্থী আওয়ামী লীগ এর পরিচয়ে সাধরণ শিক্ষার্থীদের উপর নির্যাতন করতো তারা এখনও কলেজ ক্যাম্পাসে ঘুরাঘুরি করছে। তাদের চিহ্নিত করে ছাত্রত্ব বাতিল করতে হবে।
আন্দলনের এক পর্যায়ে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থীরাও যুক্ত হন এবং এই আন্দলনে একাত্মতা প্রকাশ করেন।