সর্বশেষ সংবাদ :

এবার এইচএসসি পাস করলেন ৫৭ বছর বয়সী সেই হান্নান

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৭ বছর বয়সে এবার এইচএসসি পাস করেছেন আব্দুল হান্নান নামে এক ব্যক্তি। তিনি উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের বাসিন্দা। এর আগে গ্রামের বেশ কিছু লোকজনের সমালোচনার মধ্যেও এসএসসি পরীক্ষা দিয়ে সফলতার মুখ দেখেন তিনি। এ নিয়ে ২০২১ সালে বিভিন্ন গণমাধ্যমে বেশ আলোচিত হয়ে ওঠেছিলেন তিনি।

 

মঙ্গলবার বোর্ড প্রকাশিত ফলাফলে এ তথ্য পাবার পর বিষয়টি নিশ্চিত করেন তিনি। এতে আব্দুল হান্নান ৩ দশমিক ২৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর এমটিএমকে আনক টিবিএম কলেজ থেকে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আব্দুল হান্নান বলেন, শিক্ষার কোনো বয়স হয় না। তাই শিক্ষাগ্রহণে বয়স বাধা হতে পারে না। ইচ্ছা থাকলে সবই সম্ভব।

 

তিনি আরও বলেন, আমার পরীক্ষার ফলাফলে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। শিক্ষা ছাড়া দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত থাকবে। তাই আপনাদের ছেলে-মেয়েকেও স্কুলে পাঠান।
এদিকে আব্দুল হান্নানের এইচএসসি পাসের খবরে আবারো এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। তার আত্মীয়-স্বজনরা তাকে অভিনন্দন জানিয়ে সামনে যেন তিরি আরও ভালো কিছু করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও তাকে ঘিরে আনন্দে বিমোহিত। বিতরণ করা হয় মিষ্টি।

 

বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন জানান, আমি নিজেও একজন একটি কলেজের অধ্যক্ষ ছিলাম। আমি জানি শিক্ষার মর্যাদা। এ বয়সে আব্দুল হান্নান যে কৃতিত্ব দেখিয়েছেন সেটা অবশ্যই অনুকরণীয়।

 

এর আগে ২০২১ সালে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করে সবাইকে তাক লাগিয়ে দেন আব্দুল হান্নান। পেয়েছিলেন কয়েকটি সংগঠনের বিশেষ সম্মাননা।
এদিকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫৭ বছর বয়সী আবদুল হান্নানকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জেলা শাখা। বুধবার বিকালে পৌর এলাকার কোর্ট বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি অহেদুর জামান শায়েমের সভাপতিত্বে ও জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অলিদ হাসানের উপস্থাপনায় বক্তব্য দেন, জেলা গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আলমগীর কবির সিফাত ও জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোত্তাসিন বিশ্বাস প্রমূখ।


প্রকাশিত: October 17, 2024 | সময়: 5:56 am | সুমন শেখ