সর্বশেষ সংবাদ :

ভারতে রাসুল (সা:) কে অবমাননার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: ভারতে পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক রাসুল (সা:) কে অবমাননার প্রতিবাদে বিভিন্নস্থানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিভিন্ন সংগঠনের ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। সানশাইন প্রতিনিধিদের পাঠানো খবর:
নিয়ামতপুর: নওগাঁর নিয়ামতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শজিমেকের রাসুল (সা:) প্রেমিক ছাত্র জনতার ব্যানারে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় উপজেলা পরিষদের মেইন গেট সংলগ্ন রাস্তায় আশেকে রাসুল মোহাম্মদ (সা:) উম্মাহের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে একজন হিন্দু পুরোহিত কটূক্তি করেছেন। আবার ক্ষমতাসীন বিজেপির এক নেতা সেই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। এই ধরনের মন্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। মহানবী (সা:)কে নিয়ে কটূক্তি বা অবমাননাকর বক্তব্য ইসলাম ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং আপত্তিকর। যখন এই ধরনের মন্তব্য ভারত বা অন্য কোনো দেশে প্রচারিত হয়, তখন তা মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর ক্ষোভ ও ক্ষতের সৃষ্টি করেছে। বক্তরা আরও বলেন, মুসলমানরা তাদের ধর্মীয় নেতাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। এধরনের আপত্তিকর মন্তব্য কোনভাবেই মেনে নেওয়ার মতো নয়। তাই আমরা ভারত সরকারের কাছে এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। রাসুল (সা:) কে অবমাননাকর বক্তব্যের দায়ে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানের কঠোর বিচার দাবি করেন। ভারতের হিন্দু পুরোহিত ও ক্ষমতাসীন বিজেপি সংসদ সদস্যকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান বক্তরা।
রাণীনগর: বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:) কে ভারতীয় পুরোহিত কর্তৃক কুটুক্তি ও ধর্মীয় অনুভুতিতে আঘাত হানা এবং বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা সদরে তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন উপজেলা সদরের গোল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর সদরের বিএনপির মোড়ে এসে মিছিল শেষ করে সমাবেশ অনুষ্ঠিত হয়। কাজী মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, চকাদীন মাদ্রাসার মহতামিম মুফতি আব্দুর রউফ, উপজেলা জামায়াতের আমির মোস্তফা ইবনে আব্বাস, সিম্বা মাদ্রাসার মহতামিম আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মুফতি আব্দুল্লাহ, চকাদসি মাদ্রাসার সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক, রবিউল ইসরাম টিক্কা প্রমূখ। এছাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি শামিম হোসেন, সদর ইউনিয়ন জামায়াতের আমির ডা. আনজির হোসেনসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, আলেম ওলামা ও গণ্যমান্য ব্যাক্তিরা অংশ নেয়।
গোদাগাড়ী: ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানে সর্বকালের শ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে গোদাগাড়ী নাগরিক স্বার্থ রক্ষণ কমিটি ও তৌহিদী জনতার উদ্যোগে মঙ্গলবার বিকেলে গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে ডাংপাড়া স্বাধীন চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস সভাপতি নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি, এছাড়া বক্তব্য রাখেন বরজাহান আলী পিন্টু সাধারণ সম্পাদক নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি, মাওলানা এরফান আলী, ছাত্রনেতা রবিউল ইসলাম ও অধ্যাপক দূরুল হুদাা শাহ সুলতান কামিল মাদ্রাসা। প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ধর্মপ্রাণ মুসলমানদের ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান।


প্রকাশিত: October 2, 2024 | সময়: 6:06 am | সুমন শেখ