, , ।
সানশাইন ডেস্ক: আজ (শনিবার) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।
বিগত ১৫ বছর আনন্দ করে দিনটি পালন করা হলেও পরিবর্তিত পরিস্থিতিতে এবার নেই তেমন কোনো রকম আয়োজন। বলা যায়, নীরবে-নিভৃতে কেটে যাচ্ছে ছাত্র-জনতা হত্যার খড়গ মাথায় নিয়ে দেশত্যাগ করা এই রাজনীতিবিদের জন্মদিন।
এর আগে ২৫ সেপ্টেম্বর আ.লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার জন্মদিন পালনের আহ্বান জানিয়ে একটি পোস্ট করা হয়েছিল। সেখানে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আ.লীগের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। যদিও দুপুর পর্যন্ত সেই আহ্বানে সাড়া দিয়ে কোন উদযাপনের তেমন কোনো খবর মেলেনি।
পোস্টে দলীয় সভাপতির জন্মদিন উপলক্ষ্যে দেশের সকল মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জায় তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় প্রার্থনার আয়োজনের কথা বলা হয়। তেমন কোনো খবরও এখন পর্যন্ত মেলেনি।
তবে, দেশের মধ্য ব্যতিক্রম ছিল শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জ। সেখানে সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে দিনটি উপলক্ষ্যে কেক কাটে কলেজ শাখা ছাত্রলীগ। পরে মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।