সর্বশেষ সংবাদ :

কুমিল্লায় নেয়ার পথে ট্রাক ভর্তি রসুন ছিনতাই, মির্জাপুরে উদ্ধার

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম থেকে কুমিল্লায় নেয়ার পথে ছিনতাই হওয়া ট্রাক ভর্তি রসুন টাঙ্গাইলের মির্জাপুরে উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ২১৯ বস্তা রসুন জব্দ করা হয়। উদ্ধার করা রসুনের মূল্য কমপক্ষে ১৮ লাখ টাকা হবে বলে জানা গেছে।
জানা যায়, গত মঙ্গলবার বিকালে রসুন ব্যবসায়ী আবু বকর সিদ্দিক প্রধান, আব্দুল বারেক, সিদ্দিকুর রহমান, রতন ও শহীদুল ইসলামসহ মোট আটজন ব্যবসায়ী রসুন পাঠানোর জন্য একটি ট্রাক ভাড়া করেন। পরে ওই ট্রাকটি লক্ষ্মীকোল বাজার থেকে ২১৯ বস্তা রসুন নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয়।
কিন্তু রাত থেকে ট্রাকের চালকের সঙ্গে কোন যোগাযোগ করা যাচ্ছিল না। এদিকে, সময় মত কুমিল্লায় আড়তে রসুন না পৌঁছায় ব্যবসায়ীরা থানায় সাধারণ ডায়েরী করেন। পরে পুলিশ রসুন উদ্ধারে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলসহ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এক পর্যায়ে শনিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের পাশে রসুনগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
শনিবার সন্ধ্যায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে ব্যবসায়ী আবু বকর সিদ্দিক প্রধান বলেন, পুলিশী তৎপরতার খবর পেয়ে ছিনতাইকারীরা রসুনের বস্তাগুলো ফেলে রেখে যায়। চালকের সহযোগিতায় রসুনগুলো ছিনতাই করা হয়েছিল বলে আমাদের ধারণা।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আব্দুল জাব্বার বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা রসুনগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: September 1, 2024 | সময়: 5:48 am | সুমন শেখ