, , ।
সানশাইন ডেস্ক: রাজশাহীতে বিএনপ’র কার্যালয় ভাঙচুর-লুটপাট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে। এছাড়াও একই মামলার আসামি রয়েছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এই মামলায় আ.লীগ ও সহযোগী সংগঠনের ২৩১ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এবং অজ্ঞাতনামা রয়েছে আরও ৪০০ জন আসামি।
গত মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে বোয়ালিয়া থানায় মহানগর বিএনপ’র যুগ্ম-আহ্বায়ক বজলুর রহমান মন্টু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এছাড়াও মামলায় অন্যান্য আসামিরা হলেন, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা, সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মীর ইকবাল, নগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, আজিজুল আলম বেন্টু প্রমুখ। মামলায় সাবেক বেশ কয়েকজন কাউন্সিলর আ.লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই আসামিরা নগরীর মালোপাড়ায় বিএনপি’র কার্যালয়ে হামলা চালান। এ সময় কার্যালয়টি ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়। তারা গুলিবর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকার জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। পরে তারা মামলার বাদী-সহ বিএনপি’র নেতা কর্মীদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।
এ বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, মামলার আসামিরা আত্মগোপনে আছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানাকে মামলাটি তদন্ত করতে দেওয়া হয়েছে। তদন্ত করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও আরও জানান তিনি।
সানশাইন/ আর এক্স