রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যের বড় প্রয়োজন : শাহরিয়ার

নুরুজ্জামান, বাঘা: কর্মীদের দায়িত্ব নেতাদের এক জায়গায় করে রাখা। এমনটি উল্লেখ করে রাজশাহীর চারঘাট-বাঘা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যের বড় প্রয়োজন। বর্তমানে কোটা আন্দোলনের ইস্যুতে দেশ নিয়ে যে চক্রান্ত চলছে, তার মোকাবেলা করতে ঐক্যের কোন বিকল্প নেই।
বৃহস্পতিবার সকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে শোকাবহ ১৫ আগস্টে নিহত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পদ্মার চরাঞ্চল নিয়ে গঠিত চকরাজাপুর ইউনিয়ন এবং চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত শহীদ মিনারের উদ্বোধন অনুষ্ঠান ও রাসেল ভাইপার সাপের আক্রমণ থেকে রক্ষা পেতে গামবুট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চকরাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ডি.এম বাবলু দেওয়ানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় চরবাসীদের চাওয়া-পাওয়ার কথা উলেল্লখ করে শাহরিয়ার আলম বলেন, আমি ২০০৮ সালের ২৯ আগস্ট আমার প্রথম নির্বাচনী ইস্তেহারে চরাঞ্চলকে আলাদা একটি ইউনিয়ন করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেকথা রেখেছি। চরে বিদ্যুৎ দেয়ার কথা বলেছিলাম, সেটিও করে দিয়েছি। করে দিয়েছি পাকা রাস্তা।
শুধু তাই নয়, পদ্মার ভাঙ্গন থেকে চরবাসীকে মুক্ত করতে নদী ড্রেজিং সহ ব্লক নির্মাণ এবং জি.আই বস্তা ফেলার ব্যবস্থা করেছি। এতে করে ভাঙ্গন রোধ হয়েছে। বাঁকি যেটুকু আপনারা চাওয়া-পাওয়ার দাবি রেখেছেন, তার জন্য ইতোমধ্যে দেড় কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে।
তিনি চরবাসীদের উদ্দেশ্যে বলেন, কর্মীদের দায়িত্ব রাজনৈতিক নেতাদের এক কাতারে রাখা। এতে করে সংগঠনের ভিত শক্ত হয়। আমি আপনাদের এলাকার সাবেক এবং বর্তমান দু’জনকেই চেয়ারম্যান ডাকি। আমি সেই কাজ করতে চাই, যে কাজ করলে মানুষের কল্যান হয়। আমার গর্ব হয় চরাঞ্চল নিয়ে। আমি যখন এ অঞ্চলে প্রথম আসি, তখন চরাঞ্চলের ফসল দেখে আমার মন ভরে গিয়েছিল। তিনি কোটা আন্দোলনের ইস্যু নিয়ে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করা সহ বর্তমানে যে চক্রান্ত শুরু হয়েছে, তা মোকাবেলার জন্য নিজেদের মধ্যে ঐক্যের কোন বিকল্প নেই বলেও উল্লেখ করেন।
শাহরিয়ার আলম গত ২২ জুন একই দলের কতিপয় চি‎িহ্নত সন্ত্রাসী বাহিনীর হাতে বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যার নিন্দা জানিয়ে ১ মিনিট নিরবতা শেষে বলেন, আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা খুনের বদলে খুন চাই না। আমরা চাই অপরধীদের শাস্তি। আমি প্রমান দিতে পারব না। তবে লোকমুখে শুনেছি, বাবুল হত্যাকারীদের অনেকেই নাকি চরাঞ্চলে পালিয়ে ছিল।
তিনি আগামী শনিবার দলের সাধারণ সম্পাদক প্রয়াত আশরাফুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত কমানায় কুলখানি অনুষ্ঠানে চরাবাসীকে দাওয়াত দেন।
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আ’লীগ নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আজম, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য রোকনুজ্জামান রিন্টু, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু ও সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ওয়াহেদ সাদিক কবির।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তিনজন ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, শিক্ষক মন্ডলী, সুধীজন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ আওয়ামী সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে শাহরিয়ার আলম রাসেল ভাইপার সাপের আক্রমণ থেকে রক্ষা পেতে চরাঞ্চলের কৃষকদের মাঝে পাঁচশত জোড়া গামবুট বিতরণ করেন।


প্রকাশিত: আগস্ট ২, ২০২৪ | সময়: ৪:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ