নগরীতে ছাগল চুরির অভিযোগে দুই চোর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর এয়ারপোর্ট থানার পাইকপাড়া এলাকা থেকে ছাগল চুরির অভিযোগে দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর এয়ারপোর্ট থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ছাগল উদ্ধার হয় এবং তাদের অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সাঈদ ইসলাম (২১) ও আশিক ইসলাম ওরফে আদেশ (১৯)। সাঈদ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি খরবোনা গ্রামের মৃত মহর আলীর ছেলে ও আশিক একই থানার তালাইমারী বালুর ঘাট এলাকার মো: সাইদুল ইসলামের ছেলে।
নগর পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর সোয়া ২ টায় সাঈদ ও আশিক নগরীর এয়ারপোর্ট থানার পাইকপাড়া এলাকার সালাউদ্দিনের একটি ছাগল তার বাড়ির সামনে থেকে চুরি করে। স্থানীয়রা দেখে চিৎকার শুরু করলে তারা তারা ছাগলটি অটোরিকশায় তুলে পালিয়ে যায়। এসময় পাশেই ডিউটি করছিল এয়ারপোর্ট থানার এসআই মো: শরিফুল ইসলাম ও তার টিম।খবর পেয়ে তিনি স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ছাগলটি উদ্ধার হয় এবং একটি অটোরিকশা জব্দ করা হয়েছে ।
পরে তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় চুরির মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: মে ১১, ২০২৪ | সময়: ৫:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর