বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় ৫১ বোতল ফেন্সিডিল সহ হামিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সীমান্ত এলাকার আলাইপুর পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর ভূড়িপাড়া গ্রামের হামিদুল ইসলামের মুদিখানা দোকানের দক্ষিণ পাশে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মনিরুল ইসলামকে (৩৫) ৫১ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। তার পিতার নাম সাবদার হোসেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, এ বিষয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বাঘা থানায় একটি মাদক মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক হামিদুল ইসলামের নামে থানায় বিগত সময়ের বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে বলে তিনি জানান।