, , ।
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিপুল পরিমাণ গাঁজাসহ চার ছাত্রলীগ নেতাকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বর (ইবলিশ চত্বর) থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ পোটলা গাঁজা জব্দ করা হয়। তারা বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজাগুলো নিজেদের সংরক্ষণে রেখেছিল বলে জানা গেছে।
আটক চার ছাত্রলীগ নেতা হলেন- শের-ই-বাংলা হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আরিফ বিন সিদ্দিক এবং জিয়াউর রহমান হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ সম্পাদক ও ফোকলোর বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম। তারা সকলেই বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী।
প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একটি প্রক্টরিয়াল টিম টহল দিচ্ছিলেন। এমন সময় ওই চার ছাত্রলীগ নেতাকে গাঁজা সেবন করতে দেখেন। তারা তাদেরকে আটক করে তাদের ব্যাগ সার্চ করলে সেখানে গাঁজার ১২টি পোটলা পাওয়া যায়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর দপ্তরে নিয়ে যাওয়া হয়। তারা নিয়মিত গাঁজা সেবন করেন ও ক্যাম্পাসে গাঁজা সরবরাহ করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আমি মাত্র বিষয়টি জানতে পারলাম। এখন খোঁজ নিচ্ছি। যদি এ বিষয়ে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমরা গাঁজাসহ তাদেরকে আটক করেছি। আমরা তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করবো। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করব।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, ‘এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই চারজনকে আমাদের কাছে হস্তান্তর করেনি। প্রশাসন যদি মামলা করে তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’
সানশাইন / শামি