সর্বশেষ সংবাদ :

পদ্মার পানি বাড়ায় বাঘার চরে দুর্ভোগ, ত্রাণ পেল ১০০ পরিবার

নুরুজ্জামান, বাঘা :

পদ্মা নদীর পানি বাড়ায় পানিবন্দী হয়ে পড়া রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের ১০০ পরিবার। এদের মধ্যে সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। বুধবার চরাঞ্চলের আতারপাড়া এলাকায় প্রতিটি পরিবারকে ১৫ কেজি করে চাল দেওয়া হয়। সব মিলিয়ে বিতরণ করা হয়েছে ১ দশমিক ৫ মেট্রিক টন চাল।

চকরাজাপুর ইউনিয়নটি পদ্মা নদীবেষ্টিত বিস্তীর্ণ চরাঞ্চল। সেখানে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। প্রতিবছরই নদীর পানি বৃদ্ধি ও ভাঙনে দুর্ভোগে পড়েন চরবাসী। এবারও হঠাৎ করে পদ্মার পানি বেড়ে আতারপাড়া, পলাশীফতেপুর, লক্ষ্মীনগর-সহ কয়েকটি এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত বিঘা কলা বাগান সহ বিভিন্ন ফসলের জমি কয়েকটি এলাকায় বিদ্যালয়ের মাঠ ও ধর্মীয় উপাসনালয়ের আশপাশেও পানি উঠেছে। এতে কয়েক শতাধিক পরিবার দুর্ভোগে পড়েছেন। বুধবার চরাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সাল তালুকদার, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপজেলা প্রকল্প কর্মকর্তা ও চকরাজাপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তরিকুল ইসলাম, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা খামারু, সাধারণ সম্পাদক জগলু শিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইউএনও তকী ফয়সাল তালুকদার বলেন, নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে ১৫ কেজি করে মোট ১ দশমিক ৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। পানিবন্দী গ্রামের পরিবার-সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত মানুষের কাছেও দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সানশাইন /শাহজাদা


প্রকাশিত: September 10, 2026 | সময়: 8:30 pm | Daily Sunshine

আরও খবর