, , ।
স্টাফ রিপোর্টার: বজ্রপাতের ঝুঁকি কমানো, জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সারাদেশে এক লাখ তালগাছের চারা রোপণের কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাজশাহী মেডিকেল কলেজ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম (এনবিসিএফ) এবং সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। শনিবার সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ চত্বরে তালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। আয়োজকেরা জানান, রাজশাহীতে নির্ধারিত এক হাজার তালগাছের চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান—স্কুল, কলেজ ও মাদ্রাসা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পদ্মার পাড়ে রোপণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মোহাম্মদ ওয়াসি পারভেজ, সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল ওয়াহাব, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বি কে দাম এবং রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আমীরুল ইসলাম।
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খোন্দকার মো. ফয়সাল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন এক লাখ তালগাছের চারা রোপণ কর্মসূচির প্রধান সমন্বয়কারী এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে তালগাছের চারা তুলে দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।