, , ।
স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া হাটে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলি মেশানো ৮ কেজি চিংড়ি ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত ঝলমলিয়া হাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।
জরিমানার শিকার ব্যবসায়ীর নাম আরিফুল ইসলাম। তিনি ঝলমলিয়া এলাকার মৃত জলিল মণ্ডলের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, চিংড়ি মাছ সতেজ ও আকারে বড় দেখানোর উদ্দেশ্যে তাতে জেলি ব্যবহার করে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি ধরা পড়ার পর ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন। পরে জেলি মেশানো ৮ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, ‘ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হতে হবে।
ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।