সর্বশেষ সংবাদ :

সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট জয় ভারতের

স্পোর্টস ডেস্ক: গলে মানভ সুতারের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। একই সঙ্গে এটি ভারতের টেস্ট ইতিহাসের ৬০০তম ম্যাচে পাওয়া জয়।
জয়ের জন্য ৩৭২ রানের লক্ষ্য পাওয়া শ্রীলঙ্কা পঞ্চম দিন শুরু করেছিল ৪ উইকেটে ৮৪ রান নিয়ে। সকালের সেশন পার করে তারা ৬ উইকেটে ১৯৯ রান তুললেও এরপর মাত্র ১৬ বলেই শেষ ৪ উইকেট হারিয়ে ২০৬ রানে অলআউট হয়।
এই ধসের মূল কারিগর বাঁহাতি স্পিনার মানভ সুতার। ৭৫তম ওভারের পরের ওভারে প্রথম দুই বলেই প্রবাথ জয়াসুরিয়া ও সোনাল দিনুশাকে ফেরান তিনি। ওভারের শেষ বলে লাহিরু কুমারাকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন। পরের ওভারে কেশারা নুয়ানথাকেও ফিরিয়ে শ্রীলঙ্কার ইনিংস শেষ করেন সুতার।
প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া সুতার দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৬ উইকেট। ফলে ম্যাচে তাঁর শিকার ১০ উইকেট। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই ১৭ উইকেট হয়ে গেল তাঁর। এর আগে অভিষেক টেস্টে আফগানিস্তানের বিপক্ষে নিয়েছিলেন ৭ উইকেট। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন সোনাল দিনুশা। ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৯৫ এবং কেশারা নুয়ানথার সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে লড়াই জমিয়ে তুলেছিলেন তিনি।
জয়ের পর ভারত অধিনায়ক শুভমান গিল সুতারের প্রশংসা করে বলেন, ‘সে দুর্দান্ত বোলিং করছে, ভারতে খেলা প্রথম ম্যাচে এবং এ ম্যাচেও তাকে দারুণ সম্ভাবনাময় খেলোয়াড় মনে হয়েছে। যে দীর্ঘ সময় ধরে ভারতের হয়ে খেলতে পারে।’


প্রকাশিত: August 20, 2026 | সময়: 4:01 am | সুমন শেখ