, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী থেকে জাপানে দক্ষ কর্মী নিয়োগ এবং কৃষি, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার সকালে নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। শুরুতে জাপানের ব্যবসায়ী প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক। মতবিনিময়ে রাজশাহীর দক্ষ জনশক্তিকে জাপানের বিভিন্ন খাতে কাজে লাগানো, আম প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার স্থাপন, স্বাস্থ্যসেবা, জাপানি ভাষা শিক্ষা ইনস্টিটিউট, তথ্যপ্রযুক্তি ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে রাজশাহী সিটির সঙ্গে জাপানের কোনো শহরের সিস্টার সিটি সম্পর্ক স্থাপনের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের ক্ষেত্রে সম্ভাবনাময় একটি নগরী। জাপানের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজশাহীতে বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। তিনি বলেন, বিশেষ করে রাজশাহীর কৃষিপণ্য ও আম প্রক্রিয়াজাতকরণ, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে জাপানে কর্মসংস্থানের ব্যবস্থা এবং সিস্টার সিটি সম্পর্ক স্থাপন হলে এ অঞ্চলের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
জাপানের প্রতিনিধি দলের সদস্যরা হলেন জাপান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওয়ামোতো ইয়াসুহিরো, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইউতা শিগেমোরি, ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিকের নির্বাহী পরিচালক ও হ্যান্ডসন ল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সেইজি ইশিমোতো এবং ওকায়ামা বিজনেস কলেজের আন্তর্জাতিক বিভাগের মো. জিয়াউল করিম। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ উপস্থিত ছিলেন। বৈঠকে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন ও বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত ২০ জুন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে রাজশাহী থেকে জাপানে দক্ষ কর্মী নিয়োগ ও বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছিল।