, , ।
শাহালাল ইসলাম, রাজশাহী:
রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ মোঃ ইকবাল হাসান (২৪) নামে এক তরুণকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সারইল গ্রাম সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল সারইল গ্রামে মহাসড়কে অবস্থান নেয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘কর্ণফুলি (মহানন্দা স্পেশাল)’ নামের একটি বাসে তল্লাশি চালানো হলে ইকবাল হাসানের হেফাজত থেকে একটি অ্যাশ রঙের স্কুল ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে ভেতরে কাপড়ে মোড়ানো ও স্কচটেপে প্যাঁচানো ১৫টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে মোট ১.৫ কেজি বাদামী বর্ণের হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত একটি স্যামসাং স্মার্টফোনও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ইকবাল হাসান রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভার রামজীবনপুর এলাকার মোঃ সাইদুল ইসলাম ও হাসনা হেনা দম্পতির ছেলে।
এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ডিএনসি কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিপুল পরিমাণ হেরোইন চালানের নেপথ্যে থাকা মূল চক্র বা ‘গডফাদার’কে চিহ্নিত করে আইনের আওতায় আনতে তদন্ত কাজ চলছে।
সানশাইন /শামি