সর্বশেষ সংবাদ :

রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ কর্মসূচির আয়োজন করা হয়। আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ। রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের সভাপতিত্বে ও সার্বিক সমন্বয়ে কর্মসূচিটি পরিচালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আশিক সাঈদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছের চারা রোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে পুলিশ লাইন্স প্রাঙ্গণে ডিআইজি আশিক সাঈদ, তাঁর সহধর্মিণী ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হক, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং তাঁর সহধর্মিণী ও জেলা পুনাক সভানেত্রী মিসেস তাপসী রাবেয়া আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেন। এ সময় রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: August 19, 2026 | সময়: 4:57 am | সুমন শেখ