, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ভূগরইল মোড়ে গাছের মরা ডালে আতংক ছড়াচ্ছে। মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন। ঝুঁকি থাকা সত্ত্বেও এগুলো সরাতে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
এছাড়াও নওহাটা মহানন্দখালি বাবু পাড়ায় প্রায় দেড় বছর থেকে একটি গাছ রাস্তার ওপর হেলে থাকলেও তা সরানোর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে কোন যানবাহন পন্য সামগ্রী নিয়ে রাস্তা পারাপার করতে পারছে না। এমনকি ক্ষেত থেকে কৃষি ফসল বাড়িতে আনতে পারছেন না স্থানীয়রা।
বেশী বয়সের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মরা ডাল নিয়ে সড়কের ওপর দাঁড়িয়ে আছে বিরাট একটি কড়াইগাছ। মরা অবস্থায় বহুদিন সড়কের ওপর দাঁড়িয়ে থাকতে থাকতে ভঙ্গুর হয়ে পড়েছে। ডালের কোনোটিতে ঘুণ ধরেছে, আবার কোনোটিতে কাঠপোকা বাসা বেঁধেছে। যেকোনো সময় এগুলো চলাচলকারী যানবাহন ও পথচারীর ওপর ভেঙে পড়তে পারে বলে শঙ্কিত এলাকাবাসী।
স্থানীয়রা বলছেন, দ্রুত গাছগুলো অপসারণ না করা হলে যে কোনো সময় ঝোড়ো হাওয়া বা ভারি বৃষ্টিতে তা ভেঙে পড়তে পারে। এতে যানবাহনসহ পথচারীদের প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে। আবার গাছের নীচের দোকানদারেরাও অনেকটাই শংকিত হয়ে পড়েছে। যে কোন সময় মরা ডাল পড়ে জানমালের ক্ষতি হতে পারে।
ওই মোড় এলাকার কয়েকজন দোকানদার নাজিম, বাবু, ডা. হাসেম ও আইয়ুব আলী বলেন, এই গাছের নিচ দিয়ে যখন চলাচল করেন, তখন গাছের দিকে তাকালে ভয়ে আঁতকে ওঠেন। মনে হয় এই বুঝি গায়ের ওপর পড়ল। ঝড়-বৃষ্টিতে মাঝেমধ্যেই মরা গাছের ডাল ভেঙে পড়ে। এ অবস্থায় পথচারী, যাত্রী ও যানবাহনের চালকেরা ঝুঁকি নিয়ে ওই সড়ক দিয়ে চলাচল করছেন।
এদিকে প্রায় দেড় বছর আগে ঝড়ে পৌরসভার মহানন্দখালি বাবুপাড়া এলাকায় একটি মেহেগুনি গাছ হেলে আছে। মানুষ এদিক-ওদিক হয়ে পারাপার হলেও কোন পন্যবাহি যানবাহন চলাচল করতে পারছে না। এমনকি ক্ষেত থেকে কৃষি ফসল বাড়িতে আনতে পারছেন না। এতে পরিবহন খরচ ও বিড়ম্বনা বাড়ছে। স্থানীয়রা গাছটি দ্রুত সরানোর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণসহ আবেদন জানান।
পবা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন বলেন, মরা ডালগুলো এভাবে রাস্তার ওপর থাকা নিরাপদ নয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। খোঁজ নিয়ে মরা ডালগুলো দ্রুত সরানোর ব্যবস্থা করা হবে।