সর্বশেষ সংবাদ :

ত্যাগ-সংগ্রামের নেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণে আবেগাপ্লুত নেতা-কর্মীরা

স্টাফ রিপোর্টার: নেতা-কর্মীদের কণ্ঠে তখন স্মৃতিচারণ, চোখে-মুখে শোকের ছাপ। প্রিয় নেত্রীর কথা বলতে গিয়ে কেউ স্মরণ করছিলেন তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কেউ বলছিলেন দেশের মানুষের জন্য তাঁর ত্যাগের কথা। দোয়া শেষে মোনাজাতে যখন বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হলো, তখন হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে নেমে আসে আবেগঘন পরিবেশ।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে খালেদা জিয়ার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান এবং তাদের সন্তান মরহুম আরাফাত রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ মো. রায়হানুল আলম রায়হান। স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন এবং মানুষকে একত্রিত করেছেন। তাঁর সততা ও মানুষের প্রতি ভালোবাসা সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে।’ তিনি বলেন, ‘তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন মিথ্যা মামলায় কারাগারে থেকেও বেগম খালেদা জিয়া দেশ ও মানুষের কথা ভেবেছেন। জুলুম-নির্যাতন সহ্য করেও তিনি দেশ ছেড়ে যাননি এবং দেশের মানুষের প্রতি দায়িত্ব থেকে সরে দাঁড়াননি।’ তিনি বলেন, ‘নির্মম নির্যাতন ও নানা প্রতিকূলতার মধ্যেও দেশের জনগণের অধিকার ও কল্যাণের জন্য তাঁর যে সংগ্রাম, তা মানুষ দীর্ঘদিন স্মরণ করবে।’
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল নানা প্রতিকূলতা ও সংগ্রামে পরিপূর্ণ। তাঁর নেতৃত্ব, রাজনৈতিক দৃঢ়তা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততার নানা স্মৃতি তুলে ধরেন তারা। অনুষ্ঠানে একপর্যায়ে নেত্রীর স্মৃতিচারণ করতে গিয়ে অনেকের কণ্ঠ ভারী হয়ে আসে। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু সাঈদ।
সভাপতিত্ব করেন হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম। পবা উপজেলা বিএনপি নেতা বেল্লাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর যুবদলের সদস্য স্বাধীন, জেলা শ্রমিকদলের দফতর সম্পাদক মাজদার হোসেন, জেলা তাঁতিদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান, নওহাটা পৌর কৃষকদলের আহ্বায়ক রবিউল ইসলাম, বিএনপি নেতা আজিজুল হক মিঠু ও মমিনুল ইসলাম ডলার এবং জেলা পল্লী চিকিৎসক দলের আহ্বায়ক এমদাদ আলী।
বাগমারা: বাগমারা উপজেলা,ভবানীগঞ্জ পৌরসভা ও তাহেরপুর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভবানীগঞ্জ দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান বল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকায় অবস্থানরত উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
ভবানীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহুরুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সামসুজ্জোহা বাদশা, গোলাম মর্তুজা বকুল, আবু সামা মিষ্টার, বেলাল শাহ, আব্দুর রউফ হিটলার, এনামুল মাষ্টার, লুৎফর রহমান, উপজেলা তাঁতী দলের আহবায়ক মামুনুর রশিদ মামুন সহ বিএনপি বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী প্রমূখ।
দোয়া মাহফিলে উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য যুবদল নেতা মোকলেছুর রহমান মুকুল।


প্রকাশিত: August 16, 2026 | সময়: 4:56 am | সুমন শেখ