, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার কাজিরপাড়া পুলিশ ফাঁড়ির সামনে রবিউলের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার পানিশ্বর এলাকার মো. রবিউল্লাহ (৩০) এবং রাজশাহীর দুর্গাপুর উপজেলার কুহাড় ৩ নম্বর ওয়ার্ড এলাকার মো. জনি মাহমুদ (৩০)। র্যাব জানায়, অভিযানকালে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, মো. রবিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে রাজশাহীতে এনে মো. জনি মাহমুদের সহযোগিতায় বিক্রি করতেন। তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।