সর্বশেষ সংবাদ :

হার্ট অ্যাটাকে মৃত্যু, মহাদেবপুরে মাদ্রাসা শিক্ষক সালাম আমিনীর দাফন সম্পন্ন

মহাদেবপুর প্রতিনিধি: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া মাদ্রাসা শিক্ষক ও ইসলামি শিক্ষাবিদ মাওলানা আব্দুস সালাম আমিনীর (৫২) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার ১৭ জুলাই দুপুর সোয়া ২টার দিকে জানাজা শেষে নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের কচুকুড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা আব্দুস সালাম আমিনী মহাদেবপুর উপজেলার ৭ নম্বর সফাপুর ইউনিয়নের কচুকুড়ি গ্রামের মৃত আমিন আলী মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার শিমুলিয়া পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি শাকতলা আলিম মাদ্রাসার এবতেদায়ি বিভাগের প্রধান শিক্ষক ছিলেন। যদিও তার জন্মভিটা নওগাঁয়, কর্মজীবনের অধিকাংশ সময় তিনি নোয়াখালীতে কাটিয়েছেন। সেখানে পড়াশোনা, শিক্ষকতা এবং ইমাম-খতিব হিসেবে মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন।
পরিবার জানায়, বৃহস্পতিবার ১৬ জুলাই রাত প্রায় ৮টা ১৫ মিনিটে সোনাইমুড়ির স্থানীয় একটি বাজারে অবস্থানকালে তিনি হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে পথেই শুক্রবার ১৭ জুলাই রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
জানা গেছে, মাওলানা আব্দুস সালাম আমিনী দাওরা ও কামিল সম্পন্ন করেছিলেন। একজন শিক্ষক, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে তিনি ধর্মীয় শিক্ষা বিস্তার এবং সমাজে ইসলামের আদর্শ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে নওগাঁ ও নোয়াখালীÍদুই জেলাতেই শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি মা, ভাই, বোন, স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন, শিক্ষার্থী, শুভাকাক্সক্ষী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
বাবাকে হারিয়ে আবেগাপ্লুত বড় ছেলে, সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া জোবায়ের বলেন, ‘বাবার স্বপ্ন ছিল আমাকে ডাক্তার বানাবেন। সেই স্বপ্ন পূরণের আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আজ ছোট ভাইকে সেলুনে নিয়ে গিয়ে চুল কাটানোরও কথা ছিল বাবার। কিন্তু সব পরিকল্পনা অসমাপ্ত রেখেই তিনি না ফেরার দেশে চলে গেলেন।’
পরিবারের সদস্যরা জানান, দ্বিতীয় ছেলে নোয়াখালীতে অবস্থান করছিলেন। বাবার অসুস্থতার খবর পেয়ে দ্রুত রওনা দিলেও সময় স্বল্পতার কারণে তিনি জানাজায় অংশ নিতে পারেননি।
জানাজার আগে স্থানীয় আলেম, প্রতিবেশী ও শুভাকাক্সক্ষীরা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন। তারা বলেন, মাওলানা আব্দুস সালাম আমিনী ছিলেন একজন সাদাসিধে, বিনয়ী ও ধর্মপ্রাণ মানুষ। শিক্ষকতা ও ইমামতির মাধ্যমে অসংখ্য শিক্ষার্থী ও মুসল্লির হৃদয়ে তিনি স্থায়ী জায়গা করে নিয়েছেন।
তার মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


প্রকাশিত: July 19, 2026 | সময়: 3:00 am | সুমন শেখ

আরও খবর