বাঘায় বলাৎকারের অভিযোগে বৃদ্ধ আটক, মাদকসহ দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ৬২ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপর দিকে শুক্রবার সকালে মাদক সহ ঢাকার এক যুবককে আটক করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার উত্তর মিলিকবাঘা (চাকিপাড়া) গ্রামের মৃত মজের প্রামাণিকের ছেলে মতিউর রহমানের বিরুদ্ধে একই এলাকার সাত বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ ওঠে। ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেন। পুলিশ জানায়, প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে অভিযুক্তকে রাজশাহী আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছেন পুলিশ।

এদিকে উক্ত ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন ঘটনার দ্রুত, নিরপেক্ষ তদন্ত এবং দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি। তারা ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর ভূমিকার দাবি জানান।

অপর দিকে বাঘা সীমান্তবর্তী উপজেলা হওয়ায় দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধের ঝুঁকিতে রয়েছে এ অঞ্চল। সীমান্তজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান চললেও অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে স্থানীয়দের অভিযোগ। তাদের মতে, মাদকের বিস্তারের পাশাপাশি শিশু ও কিশোরদের বিরুদ্ধে সংঘটিত অপরাধও উদ্বেগজনক হারে বাড়ছে। ফলে সীমান্ত এলাকায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, কঠোর নজরদারি এবং আইন প্রয়োগের ওপর আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, শুক্রবার ভোরে পৃথক অভিযানে বাউসা ইউনিয়নের তেতুলিয়া বাজারের পূর্ব পাশে একটি কামারের দোকানসংলগ্ন এলাকা থেকে ৩৫ বোতল ফেনসিডিলসহ শাহাদৎ হোসেন (৩৬) নামে এক যুবককে আটক করে বাঘা থানা পুলিশ। তিনি ঢাকার তেজকুনিপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেন । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক একটি মামলা করা হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, দুইটি পৃথক ঘটনায় আটক ব্যক্তিদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বলাৎকারের অভিযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে ।

সানশাইন /শামি


প্রকাশিত: July 17, 2026 | সময়: 10:59 pm | Daily Sunshine

আরও খবর