, , ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১০) যৌন নিপীড়নের অভিযোগে তহুরুল মোল্লা ওরফে তরি (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের খড়ের দাইড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঈশ্বরদী থানা পুলিশ। এর আগে রবিবার ১২ জুলাই ওই এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী শিশুটির বাবা গত মঙ্গলবার ১৪ জুলাই ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক তহুরুলকে আটক করে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিশুটি স্থানীয় সুতানদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাতায়াতের পথে খড়ের দাইড় এলাকার আয়েজ উদ্দিন মোল্লার ছেলে তহুরুল মোল্লা দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল এবং আজেবাজে কথা বলত। বিষয়টি শিশুটি তার বাবা-মাকে জানালে তারা অভিযুক্তের পরিবারকে অবগত করেন। তবে তহুরুলের অভিভাবকরা এতে কর্ণপাত না করে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হুমকি-ধামকি প্রদর্শন করে।
গত রবিবার ১২ জুলাই বিকেলে বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে খড়ের দাইড় এলাকায় পৌঁছালে অভিযুক্ত তহুরুল ওই শিশুটির পথরোধ করে। এরপর যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তাকে জোরপূর্বক জাপটে ধরে টানাহেঁচড়া করে এবং তার পরিধেয় পোশাক ছিঁড়ে ফেলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালায়। পরবর্তীতে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে তার বাবা-মা এবং স্থানীয় সাক্ষী বাসিন্দাদের ঘটনাটি জানায়। এরপর ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, অভিযোগ প্রাপ্তির পর পরই পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং ঘটনাস্থল থেকে অভিযুক্ত তহুরুল মোল্লাকে আটক করে। তিনি আরো বলেন, বুধবার সকালে আটককৃত তহুরুল মোল্লাকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।