সর্বশেষ সংবাদ :

দুই পাকিস্তানি কোচকে আর রাখছে না বিসিবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে পথচলা শেষ হয়েছে পাকিস্তানের দুই কোচ আরশাদ খান ও শাহেদ মাহমুদের। গত জুনে তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আর চুক্তি নবায়ন করেনি বোর্ড।
এর মধ্যে শাহেদ মাহমুদ গত দুই বছর ধরে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের বোলিং প্রোগ্রামে কাজ করেছেন। দেশের বিভিন্ন অঞ্চলে স্পিনার খুঁজে বের করার কার্যক্রম ‘স্পিনিং হান্ট’ এবং বয়সভিত্তিক দলের ক্যাম্পে তরুণ স্পিনারদের নিয়ে কাজ করতেন তিনি। তবে নতুন পরিকল্পনায় তাকে আর রাখছে না বিসিবি।
অন্যদিকে, সাবেক পাকিস্তানি স্পিনার আরশাদ খান দায়িত্ব পালন করছিলেন হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্পিন বোলিং কোচ হিসেবে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। এছাড়া সোহেল ইসলামও ব্যাটিং কোচের দায়িত্বের পাশাপাশি স্পিনারদের নিয়ে কাজ করবেন।
যদিও আলোচনা ছিল আরশাদকে অনূর্ধ্ব-১৯ দলের স্পিন বোলিং কোচ হিসেবে রাখা হতে পারে। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকেও সরে এসেছে বিসিবি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অনূর্ধ্ব-১৯ দলের জন্য আলাদা কোনো বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ রাখা হচ্ছে না। প্রয়োজন অনুযায়ী বোর্ডের অন্য কোচরাই ক্যাম্পে এসে স্পিনারদের নিয়ে কাজ করবেন।


প্রকাশিত: জুলাই ৯, ২০২৬ | সময়: ৪:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ