শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ এর উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এর মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ’ পালনের কার্যক্রম শুরু হলো। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী সারাদেশের ন্যায় রাজশাহীতেও নজরুল বর্ষের উদ্বোধন করেন।
এ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকার, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান প্রমুখ।
অনুষ্ঠানে রাজশাহীর স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
নওগাঁ: উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সকালে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
এসময় নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জান্নাত আরা তিথি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংস্কৃতি কর্মী, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় প্রতিভা। সাহিত্যজীবনে কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধে অসামান্য অবদান রেখে গেছেন তিনি। তার প্রতিটা কবিতা, গান আমাদের অনুপ্রেরণা জোগায়। নজরুলকে শুধু স্মরণ নয়, তার আদর্শ ও দর্শনকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
চারঘাট: তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মারক ডাকটিকিট এবং ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’- এর লোগো উন্মোচন করেন। এ কার্যক্রমে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা মধ্যে রাজশাহীর চারঘাট উপজেলাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় কবি এ ভূখণ্ডে জন্ম না নিলেও তার হৃদয়জুড়ে ছিলো বাংলাদেশ। এ দেশের মানুষও তাকে হৃদয়ে ধারন করেছে। মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রে প্রধান দিশারী তিনি। দেশের সব আন্দোলন-সংগ্রামে তার সৃষ্টি ছিল প্রধান প্রতিপাদ্য। ‘আমি হবো সকাল বেলার পাখি’ অথবা ‘থাকবো নাকো বদ্ধ ঘরে’ এ ধরনের কবিতা প্রজন্মের কাছে আশার আলোকবর্তিকা হতে পারে। শুধু মানুষের নিরাপত্তাই নয় কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয়, সরকার সেটি নিশ্চিত করতে চায়। এ বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কর্তৃক নজরুল বর্ষ উদ্বোধন কালে চারঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন, রাজশাহী- ৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, চারঘাট প্রেসক্লাবের আহ্বায়ক মাইনুল হক সান্টু।
উদ্বোধন শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকে জাগিয়ে রাখতে, উপজেলা প্রশাসনের আয়োজনে তিনব্যাপি অনুষ্ঠানের মধ্যে প্রথমদিন কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা, ২য় দিন কবিতা আবৃতি ও নৃত্য প্রতিযোগিতা এবং ৩য় দিন রচনা প্রতিযোগিতা ও নজরুল সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।