সর্বশেষ সংবাদ :

পিস্তল-গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবকদল নেতা খালেক খাঁ হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে আলোচিত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল খালেক খাঁ হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি আলম প্রামানিক ওরফে টেম্পু আলম (৪০) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত টেম্পু আলম ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর বিশুতলা গ্রামের মৃত খবির প্রামানিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহর নির্দেশনায় চলমান অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ জুন) গভীর রাতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে টেম্পু আলমকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাকশী ইউনিয়নের রূপপুর এলাকায় তার বসতবাড়ি ও আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, একটি তলোয়ার এবং দুটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল খালেক খাঁর ওপর গুলি ও হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের হয়। ঘটনার পর থেকে মামলার আসামিদের গ্রেফতার ও হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে আসছিলেন ভুক্তভোগী ও তার পরিবার। এরই ধারাবাহিকতায় গত বুধবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান খালেক খাঁ।
ডিবি পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


প্রকাশিত: জুন ২৬, ২০২৬ | সময়: ৫:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর