সর্বশেষ সংবাদ :

কালাইয়ে হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদ : আলু কেনা-বেচা বন্ধ রেখে চাষি ও ব্যবসায়ীদের মানবন্ধন

কালাই প্রতিনিধি: হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর প্রতিবাদে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। রোববার ২১ জুন বেলা ১১টায় প্রায় আধা ঘণ্টা ধরে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।
উপজেলা ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশন আলু ব্যানারে আয়োজিত কর্মসূচিতে তিন শতাধিক চাষি ও ব্যবসায়ী অংশ নেন। মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য দেন, উপজেলা ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশন আলুর সভাপতি এ কে এম রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, ব্যবসায়ী আব্দুল হান্নান, চাষী নুর আলম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জেলার মোট ১৯টি হিমাগারের মধ্যে কালাই উপজেলাতেই ১২টি অবস্থিত। সবচেয়ে বেশী আলু উৎপাদন ও হিমাগারে সংরক্ষণ করে এই উপজেলার চাষী ও ব্যবসায়ীরা। এই সুযোগ কাজে লাগিয়ে হিমাগারের মালিকরা সিন্ডিকেটের মাধ্যমে আলু সংরক্ষণের ভাড়া বাড়িয়েছেন। এতে চাষি ও ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
উপজেলা ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশন আলুর সভাপতি এ কে এম রেজাউল ইসলাম বলেন, প্রতি ৬০ কেজি আলুর বস্তা সংরক্ষণে হিমাগারে ৪০০ থেকে ৪৩০ টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে। এতে গড়ে প্রতি কেজি আলু সংরক্ষণে প্রায় ৬ দশমিক ৯০ টাকা খরচ হচ্ছে। উৎপাদন ব্যয় সহ প্রতি কেজি আলুর খরচ ২২ থেকে ২৩ টাকার বেশি হলেও বর্তমানে বাজারে ১৪ থেকে ১৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। ফলে কৃষক ও ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানে পড়েছেন।
উপজেলা ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশন আলুর সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন বলেন, অন্য জেলায় নয়, এই জেলার অন্য উপজেলার তুলনায় কালাইয়ে সংরক্ষণ ভাড়া বেশি নেওয়া হচ্ছে। তিনি ভাড়া কমিয়ে ৫ টাকা কেজিতে এবং প্রতি বস্তায় ৩০০ টাকার মধ্যে নির্ধারণের দাবি জানান। বৃদ্ধি ভাড়া নেওয়ায় তারা গত এক সপ্তাহ ধরে আলু ক্রয়-বিক্রয় বন্ধ রেখেছে। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন এই বক্তা।
আঁওড়া মহল্লার আলু চাষী আবুল হোসেন বলেন, আলু চাষ করে বড় ভুল করেছি। যদি এই অবস্থাই চলে আগামীতে কৃষক আলুর চাষাবাদ ছেড়ে দিতে বাধ্য হবে।
একই দিনে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নে মোলামগাড়ীহাট নর্থপোল কোল্ড স্টোরেজের সামনে একই দাবীতে মানববন্ধন করেছে আলু সংরক্ষণকারী, চাষী ও ব্যবসায়ীরা।
উপজেলা কৃষক, সংরক্ষণকারী ও ব্যবসায়ীগণের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে আড়াই শতাধিক চাষি, সংরক্ষণকারী ও ব্যবসায়ী অংশ নেন। মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য দেন, উপজেলা কৃষক, সংরক্ষণকারী ও ব্যবসায়ীগ সংগঠনের সভাপতি তাজমিনুর রহমান, ব্যবসায়ী গোলাম মোস্তফা, রেজাউল ইসলাম, বুলবুল আহমেদ, কৃষক আবুল আলিম, রিপণ আহম্মেদ, সংরক্ষণকারী কামাল হোসেন সহ অনেকে।
বাংলাদেশ হিমাগার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, সরকার নির্ধারিত প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা হলেও বর্তমানে হিমাগারগুলো ৬ টাকা ৫০ পয়সা হারে ভাড়া নিচ্ছে। এখানে কোনো সিন্ডিকেট নেই। বিদ্যুতের দাম বাড়ার কারণে ভাড়া সমন্বয়ের দাবি জানানো হয়েছে।
কালাই থানার ইন্সপেক্টর তদন্ত দীপেন্দ্রনার্থ সিংহ বলেন, চাষী ও ব্যবসায়ীদের সমন্বয়ে আজকের মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
স্মারকলিপি পাওয়ার বিষয় নিশ্চিত করে কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন, হিমাগারগুলোতে যে বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে, সে বিষয়ে জেলাতেও আলোচনা হয়েছে। হিমাগার কর্তৃপক্ষ যদি আলু প্রবেশের সময় ভাড়ার বিষয়ে চাষী ও ব্যবসায়ীদের অবগত করতো, তাহলে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হত না। এবারও আলুর দাম কম। মানবিক সৃষ্টিতে গত বছরের ন্যায় এবারও ভাড়া নেওয়ার জন্য হিমাগার মালিকদের বলা হয়েছে।


প্রকাশিত: জুন ২২, ২০২৬ | সময়: ৫:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ