মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদার, সেবার মান বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় কার্যকর সেবা পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রবিবার রাত ৯টায় নগরীর একটি রেস্তোরাঁর কনফারেন্স কক্ষে রাজশাহী সিটি করপোরেশন ওয়ার্ড সচিব অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
সভায় রাসিক প্রশাসক বলেন, নাগরিকদের প্রত্যাশা পূরণে ওয়ার্ড পর্যায়ের সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে হবে। সেবার মানোন্নয়ন, দায়িত্বশীলতা বৃদ্ধি এবং জনসেবায় সমন্বয় জোরদারের মাধ্যমে জনগণের কাছে দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে হবে। একই সঙ্গে নগরীর পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাসিক ওয়ার্ড সচিব অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আহাদ আলী। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের হোসেনসহ রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের সচিবরা। সভায় অংশগ্রহণকারী ওয়ার্ড সচিবরা নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন মতামত তুলে ধরেন। এ সময় রাসিক প্রশাসক আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে নগরবাসীর কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।