সর্বশেষ সংবাদ :

জয়পুরহাট সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির টহলে জোর

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ ) কর্তৃক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন সহ নানা কারনে গত কয়েকদিন থেকেই জয়পুরহাটের সীমান্ত এলাকায় অস্থিরতা বিরাজ করছে। পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবির টহল ব্যবস্থা জোরদার সহ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সীমান্তে বিভিন্ন সময় অবৈধ পুশইনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ।
এরই ধারাবাহিকতায় জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক বৃদ্ধকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে বিএসএফ। বিজিবি সদস্যরা সীমান্তের স্থানীয়দের সহায়তায় তাঁকে আবারও ভারতীয় ভূখন্ডে ফেরত পাঠিয়েছে। রোববার সকাল সারে ৮ টার দিকে হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটেছে। পুশইনে ব্যর্থ হয়ে রোববার সন্ধ্যা পর্যন্ত ওই বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রাখে বিএসএফ। এ সময় সীমান্ত এলাকায় উত্তেজনা ও অস্থিরতা দেখা দেয়।
ওই সীমান্তে গিয়ে দেখা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখার একটি ডোবার ওপাড়ে ৭০/৭২ বছর বয়সী এক বৃদ্ধকে কয়েকজন বিএসএফ সদস্য সাথে নিয়ে বসিয়ে রেখেছে। আর ডোবার এপারে সতর্ক অবস্থান নিয়ে আছেন বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা।
স্থানীয়রা জানায়, সকালে সীমান্ত সংলগ্ন মাঠে কয়েকজন কৃষক কাজ করছিলেন। এ সময় ওই বৃদ্ধ তাঁদের কাছে এসে খাবার ও পানি চান। তিনি নিজেকে ভারতের নাগরিক পরিচয় দিয়ে জানান, ভোর রাতের দিকে বিএসএফ তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে।
পরে কৃষকরা বিষয়টি দ্রুত হাটখোলা বিজিবি ক্যা¤েপ জানালে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ওই বৃদ্ধকে ভারতের ভূখন্ডে পাঠিয়ে দেন এবং বাংলাদেশের ভূখন্ডে মধ্যে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন।
এ সময় সীমান্তের শূন্যরেখায় ওই বৃদ্ধকে নিয়ে বিএসএফ সদস্যরা অবস্থান নেন। এ সময় সীমান্ত এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এ ব্যাপারে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল লতিফুর বারী বলেন, সেদিন ভারতীয় একজন বৃদ্ধ মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করার চেষ্টা করেছিল বিএসএফ। এরপর গ্রামবাসী ও বিজিবি সদস্যরা গিয়ে ওই বৃদ্ধকে ভারত সীমান্তের অভ্যন্তরে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় সীমান্তে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন পুর্বেও ভারতের পশ্চিমবঙ্গের সাধারন নির্বাচন ও ফলাফলকে কেন্দ্র করে জয়পুরহাট সীমান্তে উত্তেজনা দেখা দিলে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়া সহ টহল ব্যবস্থা জোরদার করেন।


প্রকাশিত: জুন ১৬, ২০২৬ | সময়: ৪:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ