, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় বিশ্ব তামাকমুক্ত দিবস ’২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ সার্কিট হাউস থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’ প্রতিপাদ্যে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিবসটি উদযাপন করছে জেলা প্রশাসন।
নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক আলমগীর হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খান সহ অন্যরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, তামাক কোম্পানিগুলো তরুণ প্রজন্মকে টার্গেট করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তামাকে আকৃষ্ট করার চেষ্টা করছে। বাজারে ই-সিগারেট নামে নতুন পণ্য নিয়ে এসেছে। এগুলো সবগুলোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
একজন ব্যক্তি দীর্ঘদিন নিকোটিন গ্রহন করলে বিবেচনা শক্তি হারিয়ে ফেলে। কেউ নিকোটিনে আসক্ত হলে তার হিতাহিত জ্ঞান হারিয়ে যায়। সামাজিক সচেতনতার অভাবেই সমাজে তামাক ছড়িয়ে পড়ছে। সমাজে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধি হলে তামাকের ব্যবহার কমে আসবে।