মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী বাহিনীর সদস্যদের মধ্যে গোলাগুলি ও বোমাবাজির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মধ্যরাতে নগরের মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় হাতবোমার বিস্ফোরণে জনি ইসলাম (২৯) নামের এক যুবক আহত হয়েছেন। রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মৌলভী বুধপাড়া এলাকায় হঠাৎ তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। একই সময় গুলির শব্দও শোনা যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলের পাশে একটি মোটরসাইকেল ড্রেনে পড়ে থাকতে দেখেন। এছাড়া আহত অবস্থায় জনি ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। র্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পর রাতেই ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিস্তলের চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।