বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
রানা হামিদ, বদলগাছী,নওগাঁ :
নওগাঁর বদলগাছীতে সিএনজি ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে সিএনজির একজন যাত্রী নিহত এবং অপর একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুর আনুমানিক ১২ টার দিকে উপজেলার চাকরাইল বটতলি মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম উম্মে কুলসুম(৫৫)। তিনি বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বদলগাছী সদরের দর্গাপাড়া এলাকার বাসিন্দা। আহত আরেকজন সদর উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা মমতাজ জাহান। তিনিও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিএনজি উপজেলার গোড়শাহী এলাকা থেকে দুই জন যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশ্য রওনা হয়। চাকরাইল বটতলী মোড় এলাকায় পৌছালে মাতাজিহাট থেকে আসা ধান মাড়াই মেশিনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সহকারী শিক্ষিকা উম্মে কুলসুম মারা যায়। এ সময় গুরুতর আহত হন মমতাজ জাহান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর ভিডিও প্রচার হলে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী তাসনিম তা দেখে হঠাৎ অসুস্থ হয়ে পরে। তাৎক্ষণিক তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঔই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করে।
শিক্ষার্থীর বাবা আবুল কালাম বলেন,“ আমার মেয়েটি ফেসবুকে তার শিক্ষক কুলসুমের মৃত্যুর খবর দেখে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। পরে বদলগাছী হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার পরীক্ষা-নীরিক্ষা করে মৃত ঘোষণা করে।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ বলেন,“ শিক্ষার্থী কোন আকস্মিক ঘটনা দেখে হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে। তবে এখনি মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।”
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। দূর্ঘটনার শিক্ষকের মৃত্যুর খবর দেখে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তাজা দুটি প্রাণের মৃত্যুর খবর পেয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জুড়ে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে।#