রাণীনগরে বাড়িতে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে টিফিন শেষে স্কুলে ফেরার পথে চকলেটের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে ১১ বছর বয়সি এক চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রাণীনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে মামলার আসামি আব্দুর রাজ্জাক (৪০) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক উপজেলার পারইল ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। এর আগে গত শনিবার ২ মে দুপুরে এই ধর্ষণের ঘটনাটি ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশুনা করেন। শনিবার সকালে স্কুলে যান সে। দুপুরে টিফিনের বিরতিতে বাড়িতে খাবার খেতে যান ওই শিশু। খাবার খেয়ে স্কুলে ফেরার পথে যুবক আব্দুর রাজ্জাক ওই শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি গত সোমবার জানাজানি হয়। এরপর থেকে এলাকার কতিপয় মাতব্বরা গ্রাম্য শালিশের মাধ্যমে অর্থের বিনিময়ে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।
ওই শিশুর মা জানান, ন্যায় বিচার পেতে বৃহস্পতিবার রাতে আমরা থানায় মামলা দায়ের করেছি। ধর্ষকের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, মামলার প্রেক্ষিতে রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি যুবক আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে। শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আর শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রকাশিত: মে ৯, ২০২৬ | সময়: ৩:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর