বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট-এর ১৯৮তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। দুর্যোগ, মহামারি, অগ্নিকাণ্ড, বন্যা কিংবা যেকোনো মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে রেড ক্রিসেন্টের কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মানবিক কাজে সম্পৃক্ত করতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা অনুকরণীয় ভূমিকা পালন করছেন। মানুষের দুঃসময়ে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার এই মানসিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। এ সময় তিনি মানবতার কল্যাণে নিয়োজিত সকল স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
রাসিক প্রশাসক আরও বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে বর্ষা ইতোমধ্যে সকল ড্রেনের কাঁদামাটি অপসারণে ১০ দিনের প্রাইলট কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী বর্ষায় যাতে নগরবাসীর ভোগান্তি লাঘব হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। বর্ষা মৌসুমে কোথাও জলাবদ্ধতা দেখা দিলে রেড ক্রিসেন্ট সদস্যরা তা নিরসনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মহোদয় ও অন্যান্য অতিথিবৃন্দ জীন হেনরী ডুনান্ট-এর ১৯৮তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন।
অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ড. শামীম হোসেন চৌধুরী, সিটি ইউনিট অফিসার মীর্জা শামীম আহসান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট-এর ১৯৮তম জন্মদিন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
বেলা ১১টায় রাজশাহী জেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দুর্যোগ, সংকট কিংবা মানুষের বিপদের সময়ে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।” তিনি আরও বলেন, “জীন হেনরী ডুনান্টের মানবিক আদর্শকে ধারণ করে সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। তরুণদের মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাহাবুদ্দীন, রেজাউল করিম, মীর মোজ্জামেল আলী এবং ইউনিট লেভেল অফিসার মীর্জা শামীম আহসান লাল। এ সময় রেড ক্রিসেন্টের সদস্য, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।