, , ।
ইমাম হোসেন, সানশাইন:
রাজশাহীর পুঠিয়া উপজেলার চক পলাশী গ্রামে ‘স’ মিলে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) সন্ধ্যার আগ মুহূর্তে ওই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার জিউপাড়া ইউনিয়নের অন্তর্গত চকপলাশী ইউনিয়ন পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে মোঃ ইসলাম আলীর ‘স’ মিলে মিস্ত্রি হিসেবে কাজ করতেন নাটোর সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত শুকুর আলী মন্ডল এর ছেলে শহীদুল ইসলাম।
সন্ধ্যার আগ মুহূর্তে তড়িঘড়ি করে কাজ শেষ করার সময় পা পিছলে স্টিলের করাতের মাঝে পড়ে যায়। পরে সেখানে বুকের বাম পাশে ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে কেটে গিয়ে রক্তক্ষরণ হয়। সাথে থাকা অন্যান্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
ওই এলাকার কয়েকজন মানুষের সাথে কথা হলে তারা জানান, নিহত শহিদুল ইসলাম বহুদিন যাবত ‘স’ মিলের প্রধান মিস্ত্রি হিসেবে সেখানে কাজ করে আসছেন। পা পিছলে সেখানে পড়ে গিয়ে গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত হয়ে সে মারা যান।
এছাড়াও সেখানে গিয়ে দেখা যায়, যেখানে দাঁড়িয়ে থেকে ‘স’ মিলে কাজ করা হয়, সেই স্থানে পায়ের নিচে তুলনামূলক বেশি ফাঁক থাকার কারণে সেখানে পড়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এলাকাবাসীর অনেকেই এমন মন্তব্য করছেন।
এ বিষয়ে পঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ওই বিষয়ে আমি এইমাত্র ইনফরমেশন পেলাম এখনো বিস্তারিত জানি না। বিস্তারিত জেনে পরবর্তীতে জানাতে পারবো।
সানশাইন /শামি