সর্বশেষ সংবাদ :

বাঘায় দোকান চুরির সাথে সম্পৃক্ত নৈশপ্রহরী, একদিন পর চুরি হওয়া মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলার বাঘা বাজারে অবস্থিত ‘মুনির এন্ড ব্রাদার্স’ নামক দোকানে সোমবার রাতের আধারে তালা খুলে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সকালে ৫ জন নৈশপ্রহরীকে আটক করেন পুলিশ। অত:পর তাদের স্বীকারুক্তির ভিত্তিতে ২০ ঘন্টার মধ্যে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। এ খবর শুনে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাজার কমিটির নেতৃবৃন্দ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাজারের নৈশ্য প্রহরী ও উপজেলার বিনোদপুর গ্রামের তাহাজ্জত আলী (৫০), আব্দুল মান্নান(৬০), হোজিম উদ্দীন (৪৫), মকলেচ (৩৫) ও পাকুড়িয়া গ্রামের মিজানুর রহমান(৪২)।

বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, গত ১০ নভেম্বর সোমবার রাতে বাঘা উপজেলার বাঘা বাজারে অবস্থিত “মুনির এন্ড ব্রাদার্স ’’ নামক দোকানে রাত ২ টা ২৪ মিনিটের দিকে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দোকান থেকে প্রায় ৯০ হাজার টাকার পণ্য চুরি করে নিয়েছে পাঁচ নৈশ্য প্রহরী। যা অভিযোগে উল্লেখ রয়েছে এবং আটককৃতরা পুলিশের কাছে স্বীকারুক্তি দিয়েছেন।

এ ঘটনা পাশের একটি ঔষধের দোকানের সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখা গেছে। প্রথমে চার থেকে পাঁচজনের একটি দল দোকানের সামনে আসে। তাদের একজন প্লাস্টিকের বস্তা দিয়ে সিসি ক্যামেরা ঢেকে দেন। এরপর তারা নকল চাবি ব্যবহার করে তালা খুলে ভেতরে প্রবেশ করে এবং দ্রুত চুরি করে সেই তালা আবার লাগিয়ে সেখান থেকে সটকে পড়েন।

এদিকে ‘মুনির এন্ড ব্রাদার্স’এর স্বত্তাধিকারী মুনির হোসেন জানান, ১০ নভেম্বর সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি দোকান খুলে দেখেন- সিগারেট, সুপারি, এলাচ ও জিরা-সহ বিভিন্ন পণ্য নেয়। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৯০ হাজার টাকা। এ ঘটনায় তিনি বাদী হয়ে বাঘা থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন।

দোকানের পূর্ব পাশে থাকা ঔষধ ব্যবসায়ী রুবেল হোসেন বলেন, ‘আমার দোকানে থাকা সি.সি ক্যামেরার ফুটেজে চুরির ঘটনাটি স্পষ্টভাবে দেখা গেছে। চোরেরা খুব পরিকল্পিত ভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছে।এই ক্যামেরার মাধ্যমে সনাক্ত করে পুলিশ তাদের আটক করেছেন।

বাঘা থানার উপ-পরিদর্শক (এস.আই) প্রদীপ কুমার প্রামানিক জানান, ‘সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্ত করা হয়েছে। অত:পর আটককৃত প্রহরীদের থানায় এনে জিঙ্গাসা বাদে চুরির সত্যতা মিলে। তিনি আরো জানান, বাজার পাহারার টিম লিডার তাহাজ্জত হোসেনের দেওয়া তথ্যমতে তাহাজ্জতের বাড়ি হতে চুরি যাওয়া মালামাল গুলো ১১ নভেম্বর উদ্ধার করে থানায় এনেছি।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জান আসাদ বলেন , দোকান চুরি ঘটনায় থানায় মামলা নিয়ে বাঘা বাজারের ৫ জন নৈশ্য প্রহরীকে আটক করি। এরপর তাদের স্বীকারুক্তি মুলক জবানবন্দি নিয়ে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। পরে ১২ নভেম্বর বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: November 12, 2025 | সময়: 9:15 pm | Daily Sunshine